প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা রাখেন না এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো পরিকল্পনা নেই।
মালয়েশিয়া সফরের সময় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের চাওয়াতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়ন এবং দেশের শান্তি পুনঃস্থাপন ও পুনর্গঠন।
ড. ইউনূস জানান, চলতি মাসের শেষে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, তিনি মালয়েশিয়াকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা গত ১১ আগস্ট তিনদিনের সফরে মালয়েশিয়া যান। সফরের সময়ে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।
