কমেডি ঘরানায় প্রথমবারের মতো হাজির হচ্ছেন তাপসী পান্নু

কমেডি ঘরানায় প্রথমবারের মতো হাজির হচ্ছেন তাপসী পান্নু

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু এক দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। শুধু গ্ল্যামার নয়, বরং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। পিংক, থাপ্পড়, হাসিন দিলরুবা কিংবা ডাংকি— প্রতিটি সিনেমায় নতুনভাবে চমক দেখিয়েছেন তাপসী।

এবারও নতুন এক চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কমেডি জনরায়। সম্প্রতি যুক্ত হয়েছেন মুদাস্সর আজিজ প্রযোজিত ও অমিত রায়ের পরিচালিত নতুন সিনেমা ‘জামানা ক্যায়া কাহেগা’-তে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির মূল কাহিনি ঘুরবে তাপসীকে কেন্দ্র করে। তার চরিত্র হবে প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত এবং পুরো ঘটনাপ্রবাহের চালিকাশক্তি। সিনেমাটিতে আরও অভিনয় করবেন ফারদিন খান ও অম্মি বীর্ক।

তাপসীর ক্যারিয়ার বরাবরই ব্যতিক্রমী। কখনও সামাজিক ইস্যুভিত্তিক চরিত্র, কখনও পরীক্ষামূলক ভূমিকায় ঝুঁকি নিয়ে তিনি নিজেকে আলাদা প্রমাণ করেছেন। অন্যদিকে, হ্যাপি ভাগ জায়েগি ও পতি পত্নী অউর ওহ সিনেমার মাধ্যমে পরিচালক মুদাস্সর আজিজ দর্শককে হাসানোর দক্ষতা দেখিয়েছেন। এবার প্রযোজকের আসনে বসে তিনি তাপসীকে কেন্দ্র করে এগিয়ে নিচ্ছেন নতুন গল্প।

জানা গেছে, সিনেমাটির দৃশ্যধারণ হবে ভারত ও যুক্তরাজ্যে। ইতোমধ্যেই লোকেশন রেকি শেষ হয়েছে। আসছে সেপ্টেম্বরে শুটিং শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।