মসজিদ কমিটি বিরোধে বিএনপি নেতা খবির উদ্দিন কু'পি'য়ে নি'হ'ত

মসজিদ কমিটি বিরোধে বিএনপি নেতা খবির উদ্দিন কু’পি’য়ে নি’হ’ত

ঢাকা দেশ জুড়ে

শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি ও মাইক ব্যবহারের বিরোধের জেরে বিএনপি নেতা খবির উদ্দিন সরদার (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খবির উদ্দিন ওই গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে এবং বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পেশায় তিনি কৃষিজীবী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উমরদি মাদবরকান্দি জামে মসজিদ কমিটি নিয়ে একই গ্রামের আলমাস সরদারের সঙ্গে খবির উদ্দিনের বিরোধ চলছিল। মসজিদের ইমাম ফজরের আগে মাইক ব্যবহার করে ডাকাডাকি ও ওয়াজ-নসিহত করায় আলমাস সরদার ক্ষুব্ধ ছিলেন। কিছুদিন আগে এ নিয়ে ইমামের সঙ্গে তার বাকবিতণ্ডা হলে খবির উদ্দিন ইমামের পাশে দাঁড়ান, যা আলমাসকে ক্রুদ্ধ করে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলমাস সরদার ও তার সহযোগীরা খবির উদ্দিনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং রাস্তার পাশের পুকুরে ফেলে পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার অভিযোগ করেন, “মসজিদ কমিটি ও মাইকের বিষয় নিয়ে আলমাস ইমামকে হুমকি দিয়েছিল। আমার ভাই প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানিয়েছেন, মূলত মসজিদ কমিটি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলমাস সরদার ও তার সহযোগীরা পালিয়ে রয়েছেন।