গণতন্ত্র ফিরিয়ে আনার সময় এসেছে: বিএনপি নেতা আবদুস সোবহান

গণতন্ত্র ফিরিয়ে আনার সময় এসেছে: বিএনপি নেতা আবদুস সোবহান

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, জনগণের দুঃখ-কষ্ট লাঘব, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য। এ কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তিনি বলেন, “গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।”

গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, “জাতীয়তাবাদী আদর্শে জনগণকে একত্রিত করার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এ দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।”

তিনি আরও অভিযোগ করেন, অতীতের সরকারগুলো দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। তাই এখন গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলেই বিএনপির দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।