বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে, তবে জুলাই অভ্যুত্থানের পর এর মাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য টিআইবি ও টিআই একযোগে কাজ করছে। পাশাপাশি, দেশে মব ভায়োলেন্সের ঘটনা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার মতে, দুর্নীতি গণতন্ত্রের ভিত্তি দুর্বল করে দেয়। গণমাধ্যম ও সুশীল সমাজের ওপর হামলা, হুমকি ও হয়রানি বাড়লে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় না।
এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ৫ আগস্টের পর ব্যাংকিং খাতে কিছু সংস্কার হয়েছে। এতে অর্থ পাচার নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হলেও পুরোপুরি বন্ধ হয়নি।
