রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, রাজধানীতে ভুয়া ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয়ে ডাকাতি করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম আরও জানান, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। পুলিশ বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চলা এসব অপকর্মের মূল শেকড় অনুসন্ধান করছে।
তিনি সাধারণ নাগরিকদেরও সতর্ক করে বলেন, অপ্রত্যাশিত বা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে স্থানীয় থানার সঙ্গে অবিলম্বে যোগাযোগ করতে হবে।
