পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে একটি ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিস্ফোরণের সময় একজন নিহত হন এবং শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, হামলাকারীরা বিস্ফোরণের পাশাপাশি কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানাতেও হামলা চালাতে চেয়েছিল, তবে তা অল্পের জন্য ব্যর্থ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রিকেট গ্রাউন্ড আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে এবং আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে এদিক-ওদিক দৌড়াচ্ছেন।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ মনে করছে, এর পেছনে থাকতে পারে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
জানানো হয়েছে, গত জুলাই থেকে বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সরবকাফ’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, টিটিপি পাল্টা জবাব দিতে জেলার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।
বিস্ফোরণ ও সন্ত্রাসী কার্যক্রমের এই ঘটনায় এলাকায় সামাজিক নিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
