বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, বিএনপির মধ্যে কোনো লুটপাট বা দুর্নীতি নেই। তিনি বলেন, “জনগণ সবসময় বিএনপির পাশে আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।”
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুলের বড় মাঠে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “১৯৯১ সালে বিএনপি গণতান্ত্রিকভাবে সরকার গঠন করেছিল। ১৪ ও ১৮ সালের জাতীয় নির্বাচন ছিল দিনের ভোট রাতে করার উদাহরণ। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি জয়ী হবে।”
তিনি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে সমালোচনা করে বলেন, “৭২ থেকে ৭৫ পর্যন্ত ছিল একটি কালো সময়। রক্ষীবাহিনী গড়ে মানুষ হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা গেছে। শেখ পরিবার লুটেরা এবং খুনিদের পরিবার।”
দুদু আরও অভিযোগ করেন, “হাসিনা টাকা লুটপাট করেছেন, গণহত্যা করেছেন। ভারতে গিয়ে রক্ষা পাবেন এমন মনে করেন, কিন্তু জনগণের আদালতে বিচার এড়ানো যাবে না। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, শেখ মুজিব নয়।”
তিনি চব্বিশের আন্দোলনের স্মরণও করেন এবং বলেন, “এক মাসে সাড়ে চার শত মানুষ শহীদ হয়েছেন। যারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার ছেলে-মেয়ে হলে তাদেরকে থাপড়ে দাঁত ফেলে দিতাম।” সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
