ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু কড়া নিরাপত্তা জারি

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু কড়া নিরাপত্তা জারি

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর আগে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টা থেকে এই কড়াকড়ি নিয়ন্ত্রণ কার্যকর করা হয়েছে এবং এটি চলবে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী, ফুলার রোডসহ প্রতিটি প্রবেশপথে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্বে রয়েছেন। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা যানবাহনেও চলছে তল্লাশি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত গাড়ি প্রবেশ করতে পারছে।

ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সময়ে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।