দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এমন গুজব সম্প্রতি ছড়িয়ে পড়ে। খবরটি শোনার পর তার ভক্তরা উদ্বেগে ভুগতে থাকেন। এমন পরিস্থিতিতে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আশ্বস্ত করেছেন।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে কাজল লিখেছেন, “আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার, কারণ এটি সম্পূর্ণ মিথ্যে। আমি পুরোপুরি সুস্থ ও নিরাপদ আছি। অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। আসুন, আমরা ইতিবাচক চিন্তাভাবনা রাখি এবং সত্যকে কেন্দ্র করে থাকি।”
সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয়েছিল কাজল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেই খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শোকপ্রকাশ করেন।
কাজলের অভিনয় জীবন শুরু হয় ২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমা দিয়ে। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’-তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তারকা খ্যাতি পান। এছাড়াও ‘থুপাক্কি’, ‘কোমালি’, ‘হে সিনামিকা’, ‘টেম্পার’ এবং ‘বাঘবন্ত কেসারি’ সিনেমায় তার অভিনয় দর্শকপ্রিয় হয়েছে।
শেষবার কাজলকে দেখা গেছে ‘কান্নাপ্পা’-তে বিশেষ চরিত্রে। তিনি সামনে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’ এবং ‘রামায়ণ’-এ মন্দোদরীর চরিত্রে অভিনয় করেছেন।
