রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিল উল্লেখযোগ্যভাবে বড় হয়েছে এবং মিছিলে অংশগ্রহণকারীদের আচরণেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেখানে মাত্র ১৫–২০ জন হুট করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়িয়ে যেত, এখন সেই মিছিলের আকার কয়েকশ বা ৫০–১৫০ জন পর্যন্ত বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই মিছিল দৌড়ঝাঁপ না করে নিরাপদ ও আত্মবিশ্বাসীভাবে পথ হেটে এগোচ্ছে।
সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে তিনি এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, কেবল মিছেলের সংখ্যা নয়, আচরণও পাল্টেছে। আগে মিছিলে ভীতিকর উপাদান বা অনিশ্চয়তা থাকলেও, এখন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। বিরোধীদলের বাধাও কমেছে। আগে বিএনপি বা ছাত্রদল মিছিল থামাতে হামলা করত বা পুলিশের হাতে তুলে দিত, কিন্তু এখন সেই প্রতিরোধ কমে গেছে।
জাহেদ উর রহমান আরও বলেন, “আওয়ামী লীগের মিছিল যতই নিষিদ্ধ হোক, বিরোধীদলের উচিত নয় নিজে ভাঙচুর বা হামলা করা। কেউ কেউ মিছিল বৃদ্ধির পেছনে কোনো বড় রাজনৈতিক শক্তির উত্থান দেখার চেষ্টা করছেন, কিন্তু এটি অযৌক্তিক।”
তিনি প্রশ্ন তুলেছেন, “১০০–২০০ মানুষ মিছিল করল, কী হল? হাজার গেল, কী হল? দেশের সরকার চাইলে মিছিল বন্ধ করতেও পারত। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কর্মসূচি এখনও নিষিদ্ধ।”
তিনি শেষ করেন, “আওয়ামী লীগের এসব মিছিল এখন একটি খড়কুটো ধরার প্রচেষ্টা মাত্র। মানুষের সম্মিলিত আদর্শ ও আত্মত্যাগ ছাড়া কোনো মিছিল দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসবে না।”
