জন্মদিনে ঘরোয়া আয়োজন সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত পপি

জন্মদিনে ঘরোয়া আয়োজন সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত পপি

বিনোদন

দীর্ঘদিন শোবিজ থেকে আড়ালে থাকা জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন তিনি। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এই চিত্রনায়িকার জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে পপি জানান, সিনেমায় নিয়মিত থাকার সময় জন্মদিন ছিল উৎসবের মতো। ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতেন, কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই উদযাপিত হতো জন্মদিন। তবে এবার জন্মদিন ঘরোয়াভাবেই কাটাচ্ছেন তিনি। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজনও করা হয়েছে।

পপি বলেন, জীবনের চড়াই-উতরাই অনেক দেখেছেন। একসময় মনে করতেন, সবাই তার আপনজন, পরে বুঝেছেন বাস্তবতা ভিন্ন। সেই কঠিন সময়ে স্বামী আদনান ও ইন্ডাস্ট্রির কিছু মানুষের সমর্থনেই পথচলা সহজ হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়ে পারিবারিক জীবনে মনোযোগী আছেন। তবে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’। সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমায় তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে আছেন অভিনেতা আমিন খান। ছবিটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

উল্লেখ্য, পপির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘দ্য ডিরেক্টর’ (২০১৯)। এছাড়া তার অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজও শিগগিরই শুরু হতে পারে বলে জানা গেছে। তবে অভিনয়ে নিয়মিত ফেরা নিয়ে তিনি এখনও নিশ্চিত কিছু জানাননি।