সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন

জাতীয়

প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, স্থানীয় এনজিও প্রতিনিধি ও নারী কৃষকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, “আসন্ন দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।”

এ ছাড়া প্রবাসী বাঙালিদের দাবির ভিত্তিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে।

ফরিদা আখতার আরও জানান, এ বছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কমে গেছে, ফলে বাজারে সরবরাহও কিছুটা কম। তবে শিগগিরই দেশের বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।