ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কখনোই প্রতিষ্ঠা পাবে না। রোববার (২১ সেপ্টেম্বর) কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পর এ মন্তব্য করেন তিনি।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন,

“৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা—আপনারা সন্ত্রাসকে বড় পুরস্কার দিচ্ছেন। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।”

তিনি আরও বলেন, “একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেব।”

নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির জবাব দেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন, তার নেতৃত্বে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে।

এছাড়া, নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যেও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পদক্ষেপ নিয়ে ক্ষোভ ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।