যুক্তরাষ্ট্রে ইরানি কূটনীতিকদের কস্টকো ও লাক্সারি কেনাকাটায় নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে ইরানি কূটনীতিকদের কস্টকো ও লাক্সারি কেনাকাটায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সোমবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হোলসেল স্টোর ও লাক্সারি পণ্য কেনার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে থাকা ইরানি কর্মকর্তারা কেবল জাতিসংঘ সদর দফতরের এলাকা পর্যন্ত যেতে পারবেন। অফিসিয়াল কাজ ছাড়া নির্ধারিত এলাকার বাইরে যেতে পারবে না।

মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কে অবস্থানরত ইরানি কূটনীতিকদের কোনো হোলসেল ক্লাব স্টোরে (যেমন: কস্টকো, স্যামস ক্লাব, বিজে’স হোলসেল ক্লাব) কেনাকাটা করতে প্রাথমিক অনুমোদন নিতে হবে। এছাড়াও তারা এক হাজার ডলারের বেশি মূল্যের লাক্সারি পণ্য—যেমন ঘড়ি, চামড়া ও সিল্কের পোশাক, ফার, গহনা, পারফিউম এবং ইলেকট্রনিক্স—কেনার আগে অনুমতি নিতে বাধ্য থাকবেন।

৬০ হাজার ডলারের বেশি মূল্যের গাড়ি কেনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরানি কর্মকর্তাদের আর্থিক কার্যক্রম ও বহির্গামী লাক্সারি কেনাকাটায় নিয়ন্ত্রণ রাখা।