ভারতের বাংলা দৈনিক এই সময় পত্রিকায় প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তথাকথিত সাক্ষাৎকারকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দলটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে সাক্ষাৎকার দেননি। অথচ এই সময় পত্রিকায় ‘‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’’ শিরোনামে একটি ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ওই কল্পনাপ্রসূত সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এর মাধ্যমে জনগণের মনে বিভ্রান্তি ও সংশয় তৈরি করার চেষ্টা চলছে।
বিএনপি স্পষ্ট করে জানায়, বিদেশি গণমাধ্যমে প্রচারিত এ ধরনের অসত্য বক্তব্যে দেশের জনগণ বা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।
