নারায়ণগঞ্জে বাবার নির্যাতন থেকে উদ্ধার চার বছরের শিশু হোসেন

নারায়ণগঞ্জে বাবার নির্যাতন থেকে উদ্ধার চার বছরের শিশু হোসেন

ঢাকা দেশ জুড়ে

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর শান্তিনগর এলাকায় বাবার অমানবিক নির্যাতনের শিকার চার বছরের শিশু হোসেনকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, শিশুটির বাবা সোহেল দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ঘটনার সময় সোহেল পালিয়ে যান। তিনি মৃত মোমেন আলীর ছেলে। স্থানীয়রা জানান, সোহেলের সঙ্গে তার স্ত্রীর কয়েক বছর আগে বিচ্ছেদ হয়। পরে জোর করে সন্তানকে নিয়ে গিয়ে নির্যাতন চালাতে থাকেন তিনি।

প্রতিবেশীরা বলেন, সোহেল প্রায়ই শিশুটিকে তালাবদ্ধ করে বাসার বাইরে চলে যেতেন। দিনের বেশিরভাগ সময় শিশুটি অনাহারে থাকত, কান্না করলে তাকে মারধর করা হতো।

স্থানীয় ব্যবসায়ী শাওন জানান, কয়েক মাস আগে থেকে তিনি বিষয়টি লক্ষ্য করেন। সম্প্রতি এক নারী শিশুটির দুরবস্থার কারণ জানতে চাইলে সোহেল তাকে মারধর করে। এরপর সামাজিক সংগঠন ‘অপরিচিতা’র সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “ঘরের তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। একজন বাবা এভাবে নির্যাতন করতে পারে—দেখে বিশ্বাস করা কঠিন।”

জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী মোসাম্মৎ তাছলিমা আক্তার জানান, শিশুটি পুষ্টিহীনতা ও নির্যাতনের কারণে মারাত্মক অসুস্থ। চিকিৎসা শেষে তাকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নাসরিন বলেন, শিশুটির সুচিকিৎসা ও সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।