মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচজন, মাইটভাঙার একজন ও রহমতপুর ইউনিয়নের একজন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
নিহতরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু; মাইটভাঙার মো. জুয়েল এবং রহমতপুরের মো. রনি।
সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বলেন, “একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে সারিকাইতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি।”
নিহত সাহাব উদ্দিনের বাবা মো. সিদ্দিক জানান, “আমার ছেলে ওমানে মাছ ধরার বোটে কাজ করত। কয়েক দিন সাগরে থাকার পর আজ সকালে বাসায় ফিরছিল। পথে দুর্ঘটনায় সে মারা যায়।” ওমানের দুখুম পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
