মালিবাগ ফরচুন শপিং মলে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

মালিবাগ ফরচুন শপিং মলে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ঢাকা দেশ জুড়ে

ঢাকার যাত্রাবাড়ীতে স্বর্ণ চুরির ঘটনা ঠিক কাটতে না কাটতেই এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এ ঘটনায় মালিবাগের ফরচুন শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের জুয়েলারি দোকানটি লক্ষ্য করে দুর্ধর্ষ চোর চক্র। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোররা বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলার্সের মালিক জানিয়েছেন, দোকানে প্রায় ৪০০ ভরির স্বর্ণের জুয়েলারি এবং ১০০ ভরির বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়াও ৪০ হাজার টাকার নগদ টাকা চোররা লুটে নিয়ে গেছে।

মালিবাগের শপিং মলগুলোতে এই চুরির ঘটনায় শপিং এবং ব্যবসায়িক কার্যক্রমে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে চোরদের খোঁজ করছে।