মিউনিখ ম্যারাথনে লাল-সবুজ পতাকা উড়িয়ে অংশ নিলেন শিব শংকর পাল

মিউনিখ ম্যারাথনে লাল-সবুজ পতাকা উড়িয়ে অংশ নিলেন শিব শংকর পাল

প্রবাস

বিশ্বজুড়ে অনেক ম্যারাথন সম্পন্ন করেছেন শিব শংকর পাল, এবার অংশ নিলেন তার বাসস্থান মিউনিখের ম্যারাথনে। রোববার (১২ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত মিউনিখ ম্যারাথনে প্রিয় বাংলাদেশের লাল–সবুজ পতাকা উড়িয়ে দৌড় শুরু ও শেষ করেন ৬০ বছর বয়সী এই বাংলাদেশি ক্রীড়াবিদ।

এবারের ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় ২৬,৫০০ ক্রীড়াবিদ, ৫০টির বেশি দেশের প্রতিনিধিরা। মিউনিখের অলিম্পিয়া পার্ক থেকে সকাল ৯টায় শুরু হওয়া ৪২ কিলোমিটার দীর্ঘ দৌড়টি একই স্থানে শেষ হয়। মেঘলা আকাশ, উৎসবমুখর শহর এবং ৩০টি মঞ্চে মিউজিক কনসার্টে ম্যারাথন আরও চমকপ্রদ হয়ে ওঠে।

শিব শংকর পাল জানান, এটি তার ১৩৮তম ম্যারাথন। এর আগে তিনি নিউইয়র্ক, হনুলুলু, ভিয়েনা, দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, বার্লিন ও জুরিখসহ বিশ্বের বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়েছেন। প্রতিটি দৌড়ে শেষ টাচ পয়েন্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা দুই হাতে উঁচু করে ধরে দেশের প্রতি অনন্য ভালোবাসা প্রকাশ করেন। মিউনিখে তিনি দৌড় শেষ করেন ৩ ঘণ্টা ৩২ মিনিটে।

ঢাকার নবাবগঞ্জের এই ক্রীড়াবিদ বলেন, ইউরোপে আসার পর থেকে পাহাড়ের প্রতি আকর্ষণ অনুভব করতেন এবং পাহাড়ি ও সমতল দুই ধরনের ম্যারাথনে অংশ নেওয়াই তার স্বপ্ন। মিউনিখের ম্যারাথনের আগে কঠোর অনুশীলনের মাধ্যমে প্রতিদিন ১৫–২০ কিলোমিটার দৌড় সম্পন্ন করেছেন।

শিব শংকর পাল ইতিমধ্যেই সুইজারল্যান্ডের ইন্টারলাকেনের ইয়ুংফ্রাউসহ আরও দুটি পাহাড়ি ম্যারাথনে অংশ নিয়েছেন। আগামী ডিসেম্বরে তিনি মেক্সিকোতে পরবর্তী ম্যারাথনে অংশ নেবেন।