‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো ৫৬তম বিশ্ব মান দিবস। প্রতি বছর ১৪ অক্টোবর পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মান উন্নয়নের গুরুত্ব প্রচারের জন্য দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীতে আলোচনা সভা, বিভাগীয় ও জেলা কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান, সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড স্থাপন এবং মুঠোফোনে ক্ষুদে বার্তা প্রেরণসহ নানা কর্মসূচি আয়োজন করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শিল্প প্রতিষ্ঠান, উৎপাদক, আমদানিকারক ও ভোক্তা সাধারণের সম্মিলিত প্রচেষ্টায় পণ্যের গুণগত মান নিশ্চিত করলে এসডিজির সব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এর মাধ্যমে একটি উন্নত, মানসম্মত ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে সংস্থাটি আশাবাদ ব্যক্ত করেছে।
