তারেক রহমান: শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত

তারেক রহমান: শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়ানো, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।

শনিবার বেলা ১১টায় সামাজিকমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকেই চাকরি জাতীয়করণ এবং আরো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রস্তাব করেছেন। এ ছাড়াও বেসরকারি শিক্ষকদের কিছু দাবি রয়েছে, যা আমরা লক্ষ্য করেছি।”

তারেক রহমান বলেন, “যতবার বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, সেই সময় শিক্ষকদের অধিকাংশ দাবি পূরণ হয়েছে। রাষ্ট্র ও রাজনীতি সংস্কার, নাগরিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণ বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।”