ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর; ক্রেমলিনের প্রস্তুতি চলছে

ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর; ক্রেমলিনের প্রস্তুতি চলছে

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের প্রস্তুতি চলছে, এমন তথ্য সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সফরটি চলতি বছরের শেষের আগেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, “বছরের শেষের দিকে নির্ধারিত পুতিনের ভারত সফরের জন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, সফরটি অর্থবহ ও ফলপ্রসূ হবে।” তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি।

পুতিন সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারত সফর করেছিলেন। ওই সফরের কয়েক মাস পর, ফেব্রুয়ারি ২০২২-এ তিনি ইউক্রেনে রাশিয়ার সেনা পাঠানোর নির্দেশ দেন, যা থেকে শুরু হয় চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

রাশিয়ার এই আসন্ন সফরে প্রধান আলোচ্য বিষয় হবে ভারত-রাশিয়া বাণিজ্যের চলমান ভারসাম্যহীনতা। ভারতের সঙ্গে শ্রমিকদের অধিকার সুরক্ষা, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স খাতে দক্ষ জনবল নিয়োগকে কেন্দ্র করে একটি ‘লেবার মোবিলিটি’ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখযোগ্য, ভারত রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা দেশ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতের ওপর চাপ দিয়েছিলেন, তেল ক্রয় বন্ধ করতে, ভারতের অবস্থান স্পষ্ট— জাতীয় স্বার্থের ভিত্তিতে জ্বালানি নীতি পালন করা হবে। ভারত কোনো একতরফা নিষেধাজ্ঞা মেনে চলবে না, এমনটাই জানিয়েছে নয়াদিল্লি।

বিশ্লেষকরা মনে করছেন, মস্কো ও নয়াদিল্লির সম্পর্ক ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ, এবং আসন্ন সফর দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।