জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে সৌদি আরবের রিয়াদে কাজের সূত্রে অবস্থান করছেন। সেখানে হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি ছোট চিঠি রেখে যান। চিঠিতে লেখা ছিল— “আপু, আপনার সাথে দেখা করতে পারব?”
দীঘি এই চিঠি দেখে রীতিমতো আবেগাপ্লুত হয়েছেন। তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তার ফেসবুক অ্যাকাউন্টে চিঠিটি শেয়ার করে ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীঘি লেখেন, “সকালে হোটেল থেকে বের হওয়ার আগে রিসেপশনে বলেছিলাম রুমটা পরিষ্কার করে রাখতে। রুমে ঢুকলে দেখি আমার টেবিলে ছোট একটি চিরকুট রাখা আছে। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল যুগে কেউ এভাবে দেখা করতে চাচ্ছে—ব্যাপারটা খুব মিষ্টি লাগল।”
তিনি আরও বলেন, “এই নোটের মাধ্যমে বুঝতে পারলাম ভালোবাসা এখনো চিঠিতে বাস করে। আমার ভক্তদের এই ভালোবাসা আজীবন চলুক।”
সৌদি আরবের রাজধানী রিয়াদে চলমান ষষ্ঠ ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ কালচার’ পর্ব, যেখানে দীঘি মঞ্চ মাতাবেন। এ ছাড়াও শিল্পী আসিফ আকবর ও মনির খানও অংশগ্রহণ করছেন।
দীঘির পোস্টে মডেল ও অভিনেত্রী বারিশা হক মন্তব্য করেছেন, “অবশ্যই দেখা করা উচিত।” এছাড়া অগণিত ভক্ত-অনুরাগীরা তার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
