ভারতের প্রখ্যাত অভিনেত্রী সুস্মিতা সেন দুই বছর আগে গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হন। তার হৃদযন্ত্রে ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ায় তৎক্ষণাৎ অ্যানজিওপ্লাস্টি করতে হয়। এই ঘটনায় ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।
সম্প্রতি দিব্যা জৈনের পডকাস্টে হার্ট অ্যাটাকের সময়ের অভিজ্ঞতা সহজভাবে শেয়ার করেছেন সুস্মিতা। তিনি জানান, আক্রান্ত সময় তিনি পুরোপুরি সচেতন ছিলেন। অ্যানজিওপ্লাস্টির সময়ও অচেতন হতে চাননি, কারণ তার ভয় ছিল অচেতন হলে হয়তো আর জ্ঞান ফিরে না পাওয়া।
সুস্মিতার কথায়, “ডাক্তাররা বলেছিলেন, আমি তখন খুব অধৈর্য ছিলাম। অচেতন হতে চাইনি। আমি মনে করি, সজাগ ছিলাম বলেই আমি বেঁচে ফিরে এসেছি।”
অপরেশনের সময়ও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন এবং দ্রুত কাজে ফিরতে তাড়া দিচ্ছিলেন। জয়পুরের শুটিং সেটেই অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে তিনি দ্রুত কাজে ফিরে যান। অ্যানজিওপ্লাস্টির মাত্র দুই সপ্তাহ পর একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করে সুস্মিতা আবারও শুটিংয়ে ফিরেন।
