‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাশাপাশি সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ ছবিতেও তাকে আর রাখা হয়নি। আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি এবং পারিশ্রমিক বাড়ানোর অনুরোধের কারণেই এই সিদ্ধান্ত—এমনই দাবি ইন্ডাস্ট্রি সূত্রের।
দীপিকার বাদ পড়ার পর থেকেই প্রশ্ন উঠছে, ছবির নায়িকা হবেন কে? ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, তার জায়গায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
সূত্র জানায়, প্রভাস অভিনীত ‘কাল্কি’ সিক্যুয়ালের জন্য প্রায় ২০ দিন শুটিং করেছিলেন দীপিকা। এর মাঝেই পারিশ্রমিক ২৫% বাড়ানো এবং প্রতিদিন সর্বোচ্চ ৭–৮ ঘণ্টা কাজ করার শর্ত দেন তিনি। এতে প্রযোজনার সঙ্গে বিরোধ তৈরি হয়।
প্রথম ছবিতে প্রশংসা পাওয়ার পর সিক্যুয়ালে নিজের জায়গা নিশ্চিত—এই আত্মবিশ্বাসই কি তার বিপদ ডেকে আনল?—এমন প্রশ্নও উঠছে। তবে এ বিষয়ে দীপিকার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বর্তমানে দীপিকা ব্যস্ত আছেন শাহরুখ খানের সঙ্গে তার নতুন চলচ্চিত্র ‘কিং’-এর কাজে।
