মোহাম্মদপুরে টাকার চুরি ও কথাকাটার জেরে মা ও মেয়েকে হত্যার অভিযোগে গৃহকর্মী আয়েশা গ্রেফতার হয়েছেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, হত্যার আগে আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করে। বিষয়টি নিয়ে লায়লা আফরোজের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে পুলিশে জানাতে চাইলে তিনি মা ও মেয়েকে হত্যা করেন। হত্যার পর আয়েশা ল্যাপটপ এবং অন্যান্য মূল্যবান জিনিস লুট করে স্কুলড্রেস পরে পালিয়ে যান। এছাড়া, তিনি তার বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিলেন।
এর আগে, গতকাল রাজধানীর মোহাম্মদপুর থেকে আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের বরাতে জানা গেছে, হত্যার পর তার স্বামী রাব্বীকে বিষয়টি জানায় আয়েশা এবং স্বামী তাকে পালাতে সহায়তা করেন।
প্রসঙ্গত, গত সোমবার সকালে শাহজাহান রোডের একটি আবাসিক ভবন থেকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সকাল ৭টা ৫২ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকেছে আয়েশা। পরে সকাল ৯টা ৩০ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়। নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম সোমবার রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
