রুমানা রশীদ ঈশিতা: গ্ল্যামারের মধ্যে সাধারণ জীবন বেছে নেওয়ার গল্প

রুমানা রশীদ ঈশিতা: গ্ল্যামারের মধ্যে সাধারণ জীবন বেছে নেওয়ার গল্প

বিনোদন

দেশের শোবিজ অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকের প্রিয় এই অভিনেত্রী শুধু অভিনয় বা গানে নয়, ব্যক্তিজীবনেও তার উপস্থিতি সমানভাবে চোখে পড়ে। তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী।

তবুও, এত প্রতিপত্তি ও গ্ল্যামারের মাঝে ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ ও সাধারণ জীবনযাপনকারী। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানালেন, কেন বিলাসিতা তাকে কখনো টানেনি।

ঈশিতা বলেন, “মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পেলেও আমি কখনো সেটিকে মাথায় চড়তে দিইনি। মানুষের মেধা কিংবা বড় অর্জন যে কোনো সময় বিলীন হতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।”

তিনি আরও যোগ করেন, “মেধার অনিশ্চয়তা থাকলে ধন-সম্পদ নিয়ে অত্যধিক স্বস্তি বা উত্তেজনা করার মানে নেই। সবকিছু হারানোর ভয় বা অনিশ্চয়তা জীবনের ধ্রুব সত্য। কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন।”

নিজেকে ‘অতি সাধারণ’ মানুষ উল্লেখ করে ঈশিতা অকপটে স্বীকার করেন, “আমার অবশ্যই ভুল আছে, কারণ আমি একজন সাধারণ মানুষ।”

দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কমুক্ত থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়ায় ঈশিতা আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।,