‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ তিন বছর নতুন কোনো ছবিতে দেখা যায়নি অভিনেত্রী নাজিফা তুষিকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন–এর নতুন সিনেমা ‘রইদ’ দিয়ে আবারও আলোচনায় ফিরলেন তিনি।
মঙ্গলবার সিনেমাটির পোস্টার প্রকাশের পরপরই মুক্তি দেওয়া হয় ট্রেলার। প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিনয়শিল্পী, নির্মাতা ও সিনেমাপ্রেমীদের প্রশংসায় ভাসছে ‘রইদ’।
এর আগে পোস্টার প্রকাশের সময় জানানো হয়, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)–এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ‘রইদ’।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, “রটারড্যামের টাইগার কম্পিটিশনে ‘রইদ’-এর বিশ্ব প্রিমিয়ার হবে। এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আইএফএফআরের মূল প্রতিযোগিতায় জায়গা পেল। মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে ‘রইদ’।”
সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্যে রয়েছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। ছবির শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে।
গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, “সাধু, তার পাগল স্ত্রী এবং বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরে গল্পটি আবর্তিত। এখানে আমরা আদম ও হাওয়ার আদিম আখ্যান নতুনভাবে নির্মাণ করেছি— সময়ের বর্তমান নয়, বরং অনুভূতির বর্তমানকে সামনে রেখে। ছবির প্রতিটি স্তরে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ জড়িয়ে আছে।”
