সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। এই নামাজে জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পরিচালনা করেন।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে এসেছেন। অনেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়ক ও এলাকায় দাঁড়িয়ে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে প্রয়াণ করেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এছাড়া, খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আজ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
