আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং তা ঘিরে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের কূটনীতিকদের সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, অসুস্থ থাকার সময় অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে এসেছিলেন। তবে তারা সেই সাক্ষাতের বিষয়টি প্রচার না করার অনুরোধ করেছিলেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না। এর জবাবে তিনি তার অসুস্থতার সময়ের একটি ঘটনা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বহু মানুষ ও কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সেই তালিকায় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও ছিলেন। তাদের সঙ্গে স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ ও কথাবার্তা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, অন্যান্য কূটনীতিকদের সাক্ষাতের মতো এ বিষয়টিও প্রকাশ্যে আনার কথা জানানো হলে ভারতের কূটনীতিকরা সেটি প্রচার না করার অনুরোধ করেন। তবে ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে বলেও তিনি স্পষ্ট করেন।
এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কিছু দেশীয় গণমাধ্যমে ‘ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক’ হয়েছে—এমন সংবাদ প্রকাশে তিনি বিস্মিত ও মর্মাহত। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানিয়ে তিনি ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এমন খবর না প্রকাশ করার আহ্বান জানান।
