সরকারি দাম ১৩শ', বাজারে সিলিন্ডার দুই হাজারেরও বেশি

সরকারি দাম ১৩শ’, বাজারে সিলিন্ডার দুই হাজারেরও বেশি

অর্থনীতি

ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বৃদ্ধি করা হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ জানুয়ারি) নতুন এই মূল্য ঘোষণা দেয় বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

তবে সরকারি ঘোষণার দামের সঙ্গে বাস্তব বাজারের চিত্রের কোনো মিল নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, দোকানে এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের কমপক্ষে ২ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। কোনো কোনো দোকানে দাম হাঁকা হচ্ছে আরও বেশি।

শনিবার রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, সিলিন্ডারের দৃশ্যমান সংকট না থাকলেও দোকানিরা মজুত কম থাকার কথা বলছেন। অনেক বিক্রেতার দাবি, সরবরাহ কম হওয়ায় এবং ‘উপর থেকে দাম বাড়ানো হয়েছে’—এমন নির্দেশনা পাওয়ায় তারাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

এক বিক্রেতা বলেন, নিয়মিত ক্রেতাদের তিনি ২ হাজার টাকায় সিলিন্ডার দিচ্ছেন। তবে নতুন বা অনিয়মিত ক্রেতাদের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

ঘরোয়া রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দামেই বিক্রির নির্দেশনা থাকলেও, বাস্তবে দীর্ঘদিন ধরেই ১৫০–২০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। এবার একলাফে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে এলপিজিসহ যেকোনো ভোগ্যপণ্যের অতিরিক্ত দাম আদায় সংক্রান্ত অভিযোগ জানাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ (২৪/৭) চালু রয়েছে। এছাড়া অনলাইনে www.dncrp.com
ওয়েবসাইটেও অভিযোগ করা যাবে।