ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি নির্বাচনী ব্যয় হিসেবে ২০ লাখ টাকা খরচ করবেন বলে উল্লেখ করেছেন।
হলফনামায় আরও জানানো হয়, নির্বাচনী ব্যয়ের জন্য তিনি প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেবেন। এসব তথ্য তিনি নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে থাকা রুমিন ফারহানাকে সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন রুমিন ফারহানা।
হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। সম্পদের বিবরণে উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিকানা থাকার তথ্য রয়েছে। এছাড়া তার কাছে রয়েছে ১০ ভরি স্বর্ণ।
২০১৯ ও ২০২৫ সালের হলফনামা তুলনায় দেখা যায়, এ সময়ে তার বার্ষিক আয় ২২ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তার বার্ষিক আয় ছিল ৪ লাখ ৩৪ হাজার ১০০ টাকা।
