বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে

বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে

খেলাধুলা

ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এমন তথ্য প্রকাশ করেছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই বৈঠক ও সিদ্ধান্তকে ঘিরে পরস্পরবিরোধী তথ্যও পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেছে তারা।

প্রতিবেদনে আরও জানানো হয়, ওই বৈঠকে আইসিসি বিসিবিকে স্পষ্টভাবে জানিয়ে দেয়—বাংলাদেশের নির্ধারিত বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ না খেললে পয়েন্ট হারানোর ঝুঁকির কথাও জানানো হয়েছে বলে দাবি করা হয়।

তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আইসিসি বা বিসিবি। মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে যমুনা টেলিভিশনকে জানানো হয়, ম্যাচ স্থানান্তর সংক্রান্ত ই-মেইলের বিষয়ে তারা আইসিসির কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি।

এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেটাঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।