তামিম ইস্যুতে, বিসিবির পরিচালককে সরানোর দাবি হামিনের

তামিম ইস্যুতে, বিসিবির পরিচালককে সরানোর দাবি হামিনের

বিনোদন

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বিরুদ্ধে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের ভক্ত ও সাধারণ মানুষসহ ক্রিকেট সংশ্লিষ্টরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

তামিমকে নিয়ে করা ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি জানি না এই বিসিবি পরিচালক কে। ক্রিকেটে যার কোনো অবদান নেই, তিনি কীভাবে এমন গুরুত্বপূর্ণ পদে থাকেন, সেটাই বোধগম্য নয়। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ‘দালাল’ বলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ।”

হামিন আহমেদ আরও বলেন, “একজন প্রাক্তন জাতীয় ক্রিকেটার হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই। এই মন্তব্য দেশের ক্রিকেটের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। বিসিবিকে অবশ্যই ওই পরিচালককে অপসারণ করতে হবে এবং তাকে তামিম ইকবালসহ দেশের সকল ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

এ ঘটনার পর তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তার একাধিক সতীর্থ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, সাবেক ক্রিকেটার রুবেল হোসেন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক ও স্পিনার তাইজুল ইসলামসহ আরও অনেকে।

এই মন্তব্যকে কেন্দ্র করে বিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা জরুরি।