যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট মিস অ্যালিসন হুকার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মি. পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।
বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়কালে নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
এ সময় মিস হুকার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে এবং তারা ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে।
ড. রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে কৃষিপণ্য আমদানি বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ভিসা বন্ডের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ জটিলতার বিষয়টি উল্লেখ করে বি-১ ব্যবসায়িক ভিসায় বন্ড অব্যাহতির অনুরোধ জানান। জবাবে মিস হুকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং ভবিষ্যতে ওভারস্টে কমলে বন্ড শর্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দেন।
রোহিঙ্গা ইস্যুতে ড. খলিলুর রহমান বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। মিস হুকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বড় দায়িত্ব পালন করছে, তার প্রশংসা করেন এবং সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, ড. রহমান বাংলাদেশি বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ এবং গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে নীতিগতভাবে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহের কথা জানান। যুক্তরাষ্ট্র এসব বিষয়ে বাংলাদেশ সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।
একই দিনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মি. পল কাপুরের সঙ্গে বৈঠকেও নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
সফরকালে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।
সফরের বিভিন্ন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।
