তাসকিন বিশ্বকাপে খেলতে পারবেন তো?

তাসকিন বিশ্বকাপে খেলতে পারবেন তো?

খেলাধুলা

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ বর্তমানে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ থেকে অনিশ্চিত অবস্থায় আছেন। হাঁটুর চোটের কারণে ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচে তাকে একাদশে দেখা যায়নি।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচেও তাসকিনের উপস্থিতি ছিল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন চোটের বিষয়টি নিশ্চিত করেন।

মিঠুন বলেন, “এটি ফিজিওর সিদ্ধান্ত। তাসকিন এখন খেলার অবস্থায় নেই। তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে এবং স্ক্যান করানোর জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চোট গুরুতর না হলে ঢাকা পর্ব থেকে মাঠে ফেরার সম্ভাবনা আছে।”

চোটের মাত্রা জানতে সতর্কতামূলকভাবে তাসকিন ঢাকায় মেডিকেল স্ক্যান করাচ্ছেন। চলতি বিপিএলে পাঁচ ম্যাচে মাত্র তিন উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। তার ইকোনমি রেটও ৯.৭৮, যা উদ্বেগের বিষয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম বায়েজিদ আশ্বস্ত করেছেন যে, চোটটি গুরুতর নয়। তিনি বলেন, “আগেও এই হাঁটুর সমস্যা নিয়ে কাজ করা হয়েছে। রুটিন চেকআপের জন্যই ঢাকায় পাঠানো হয়েছে।”

তবে উদ্বেগের বিষয় হলো আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদি স্ক্যান রিপোর্টে চোট গুরুতর প্রমাণিত হয়, তাহলে বিশ্বকাপে তাসকিনের অংশগ্রহণে প্রশ্ন চিহ্ন দেখা দিতে পারে।

এখনও তার ফেরার নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি। সব পক্ষই আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের অন্যতম প্রধান পেসার মাঠে ফিরে আসবেন।