মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

জাতীয়

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে আজই শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও এ মামলায় আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে মোহাম্মদপুর এলাকায় সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই এ মামলা দায়ের করা হয়।