চানখারপুলে জুলাই হ'ত্যা'কা'ণ্ড: পুলিশের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায়

চানখারপুলে জুলাই হ’ত্যা’কা’ণ্ড: পুলিশের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায়

জাতীয়

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ছয়জন নিহতের ঘটনায় করা মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় পাঁচ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেওয়া হচ্ছে, যা জুলাই হত্যাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে প্রথম মামলার রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মামলাটিতে পুলিশের শীর্ষ আট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে চারজন প্রধান আসামি পলাতক রয়েছেন। তারা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল, এবং মোহাম্মদ ইমরুল।

গত বছরের ১৪ জুলাই এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। পরে ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচার চলাকালে হত্যাকাণ্ডসংক্রান্ত বিভিন্ন তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল এই মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছিলেন— শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক।

এই মামলার রায়কে জুলাই আন্দোলন-পরবর্তী বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন আইনজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।