ঢাকা-৯ (খিলগাঁও–সবুজবাগ–মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিন সকাল ৯টার পর থেকেই রাজধানীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা প্রতীক গ্রহণ করছেন। এবার ঢাকার ২০টি আসনে মোট ১৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে আপিলের পরিপ্রেক্ষিতে ইসির রায়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে, ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল।
নির্বাচনের আগে ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী—আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
