নতুন জল্পনা বলিউডে—দীপিকার জায়গায় সাই পল্লবী?

নতুন জল্পনা বলিউডে—দীপিকার জায়গায় সাই পল্লবী?

বিনোদন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি তার কাজের সময়সীমা ও পারিশ্রমিক সংক্রান্ত শর্তের কারণে নতুন প্রজেক্ট থেকে বাদ পড়েছেন। সূত্রের খবর, নির্মাতা নাগ অশ্বিন পরিচালিত আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েলে দীপিকা মূল চরিত্রে অভিনয় করার কথা থাকলেও নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক এবং দৈনিক কাজের সময় নিয়ে মতবিরোধের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীপিকা শুটিং-এর সময় দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত এবং পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি করেছিলেন। শুটিং শুরু হওয়ার পরই এই বিষয়ে চরম মতবিরোধ দেখা দেয় এবং শেষ পর্যন্ত নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানায়, ছবিতে আর দীপিকা অভিনয় করবেন না।

সূত্রের খবর, প্রথম পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। সিকুয়েলে তার চরিত্রের জায়গায় হতে পারে সাই পল্লবী, যদিও কিছু দর্শক মনে করছেন—দীপিকার চরিত্রকে মৃত দেখানো হতে পারে এবং সাই পল্লবীকে নতুন চরিত্রে পরিচয় করানো হবে। প্রথমে গুঞ্জন ছিল, চরিত্রে আলিয়া ভট্টকেও দেখা যেতে পারে।

দীপিকা প্রায় ২০ দিন শুটিং শেষ করেছিলেন, তবে শর্ত ও পারিশ্রমিক নিয়ে মতবিরোধের কারণে শুটিং পূর্ণতা পায়নি। নির্মাতারা জানান, ছবি পরিচালনার ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাব’ এই সিদ্ধান্তের মূল কারণ।