স্বামীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি স্বামী তানজিম তৈয়বকে নিয়ে অনুভূতির কথা জানান।
পোস্টে শবনম ফারিয়া লেখেন, স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করতে দেখে তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ তাকে এত সহজ-সরল ও নিষ্ঠাবান একজন মানুষ উপহার দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত।
বিয়ে নিয়ে একসময় অনাগ্রহ ছিল জানিয়ে অভিনেত্রী বলেন, জীবনের একটি পর্যায়ে তিনি আবার বিয়ে করার কথা ভাবতেও চাননি। কাছের মানুষরা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং আল্লাহ তাকে নানা পরীক্ষার মধ্য দিয়ে নিয়েছেন। তবে ইনশা আল্লাহ সামনে ভালো সময়ই অপেক্ষা করছে—এমন আশ্বাসও পেয়েছিলেন।
নতুন ঘরে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া জানান, তাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই অল্প সময়েই তিনি তার স্বামীকে পরিবারের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছেন। আর সেটাই তার জীবনের পরিপূর্ণতার অনুভূতি এনে দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেন। তার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
