টাঙ্গাইলের ট্রাক–সিএনজি সংঘর্ষে দুজন নি'হ'ত

টাঙ্গাইলের ট্রাক–সিএনজি সংঘর্ষে দুজন নি’হ’ত

ঢাকা দেশ জুড়ে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হামিদপুর এলাকায় একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজন হলেন গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শফিউর রহমান সুজন (৪০)। অপরজন ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।

ওসি মো. মোকছেদুর রহমান জানান, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।