টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে আনছার মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের একটি জমিতে আইল কাটছিলেন। এ সময় লেবু মেলেটারি লাবু সিকদার সেখানে গিয়ে তাকে গালিগালাজ করেন। আনছার মিয়ার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও গালিগালাজ করা হয়। এক পর্যায়ে কথাকাটাকাটির মধ্যে লেবু মেলেটারি আনছার মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন।
মারধরের ফলে আনছার মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনছার মিয়া কলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
