মানবতাবিরোধী অপরাধ: আশুলিয়ায় ৬ ম'র'দে'হ পোড়ানো মা'ম'লা'র রায় ৫ ফেব্রুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: আশুলিয়ায় ৬ ম’র’দে’হ পোড়ানো মা’ম’লা’র রায় ৫ ফেব্রুয়ারি

Uncategorized

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামি রয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলার এজাহার ও নথি অনুযায়ী, ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। অভিযোগে বলা হয়েছে, মরদেহ পোড়ানোর সময় তাদের একজন জীবিত ছিলেন। এছাড়া ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।