শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। বলিউডে এক সময় হৃতিক রোশন ও কারিনা কাপুরকে ঘিরে এমনই একটি আলোচনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করার সুবাদে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।
সে সময় একটি ভারতীয় ম্যাগাজিনে দাবি করা হয়, বিয়ের আগে নাকি বিমানে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল এই দুই তারকাকে। খবরটি প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয় ভক্তমহল ও গণমাধ্যমে।
বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন হৃতিকের বাবা ও নির্মাতা রাকেশ রোশন। তিনি বলেন, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী, লন্ডনে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন হৃতিক ও কারিনা, আর তিনি নিজেও সেখানে সারপ্রাইজ দিতে উপস্থিত ছিলেন। ফলে প্রকাশিত দাবি বাস্তবতার সঙ্গে মিল নেই বলেই জানান তিনি।
পরবর্তীতে হৃতিক রোশনও এ বিষয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, তার পরিবার ও স্ত্রী তাকে বিশ্বাস করেন, তাই এমন গুঞ্জনকে তারা গুরুত্ব দেন না। পাশাপাশি এ ধরনের খবরের কারণে কারিনা কাপুরকে বিব্রত হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
