সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আলওয়ার উদ্দিন হাজী আবু সৈয়দ দীর্ঘ ছয় বছরের ধারাবাহিক প্রচেষ্টার পর বিগ টিকিট আবুধাবি লটারিতে ১ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা) জিতেছেন। খবরটি প্রকাশ করেছে গালফ নিউজ।
আলওয়ার উদ্দিন আল আইনে টানা ২১ বছর ধরে বসবাস করছেন। গত ছয় বছর ধরে তিনি ৯ বন্ধুর একটি দলের সঙ্গে প্রতি মাসে নিয়মিত লটারি টিকিট কিনে আসছিলেন। দীর্ঘ সময় ভাগ্য সহায় না হলেও তিনি হাল ছাড়েননি এবং অবশেষে বিগ টিকিটের সিরিজ ২৮৩-এ বিজয়ী হন।
জয়ের অনুভূতি জানাতে গিয়ে আলওয়ার উদ্দিন বলেন, “পুরস্কারের সংবাদ পেয়ে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এত বছর চেষ্টা করার পর এমন কিছু হবে তা কল্পনাও করিনি। এই সাফল্য আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।” তিনি জানিয়েছেন, এখনো অর্থ ব্যয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেননি, তবে এই জয় ভবিষ্যতে লটারিতে অংশগ্রহণে তাকে আরও উৎসাহিত করবে।
এদিকে বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসজুড়ে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ‘ধামাকা অফার’। আগামী ৩ মার্চ অনুষ্ঠিতব্য মেগা ড্র-তে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ১৫ মিলিয়ন দিরহাম, এছাড়া পাঁচজন বিজয়ী পাবেন এক লাখ দিরহাম করে।
পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতি সপ্তাহে ই-ড্র-এর মাধ্যমে চারজন করে বিজয়ীকে ৫০ হাজার দিরহাম করে প্রদান করা হবে। ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত একসঙ্গে দুটি বা তার বেশি টিকিট কিনা অংশগ্রহণকারীদের মধ্য থেকে চারজনকে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
সাথে ‘ড্রিম কার’ সিরিজের আওতায় এই মাসেই রেঞ্জ রোভার ও মাসেরাতির মতো বিলাসবহুল গাড়ি জয়ের সুযোগও রয়েছে।
