আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরাঞ্চলের তিন জেলায় আজ শনিবার নির্বাচনী সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী সফরে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে পৃথক জনসভায় বক্তব্য দেবেন। পাশাপাশি দিনাজপুরে পারিবারিক কবর জিয়ারত করারও কর্মসূচি রয়েছে।
সূচি অনুযায়ী, তারেক রহমান প্রথমে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আয়োজিত জনসভায় যোগ দেবেন। এরপর নীলফামারীতে আরেকটি সমাবেশে অংশ নিয়ে দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে তার পরিবারের স্মৃতিবিজড়িত স্থান রয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার সফর ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাদের আশা, এই সফর উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনাকে আরও গতিশীল করবে।
পুলিশ জানিয়েছে, বিএনপি চেয়ারম্যানের সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা জনসভায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে প্রকাশ পাবে।
