বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি এক পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া এক বিস্ফোরক ঘটনার কথা স্মরণ করেছেন। তিনি জানান, প্রায় ১৩ বছর আগে নেপালে একটি শোতে গিয়েছিলেন, যেখানে গায়কী দিলশাদ নাহার কনার জন্য প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছিলেন।
ফারিয়া বলেন, ২০১৩ সালে নেপালে আয়োজিত একটি বড় কনসার্টে তিনি উপস্থাপিকা হিসেবে ছিলেন। শোতে উপস্থিত ছিলেন কনা আপু ও জেমস। অনুষ্ঠানের সময় আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কিছু ব্যক্তি, এবং ফারিয়া প্রতিবাদ করলে তখন মার খেতে হয়। তিনি বলেন, “সেই সময় আমি বলেছিলাম, এ ঘটনার জন্য আপনাকে অবশ্যই কনা আপুর কাছে ক্ষমা চাইতে হবে। তখন আমাকে আটকে রাখা হয়। তখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।”
পডকাস্টে নুসরাত ফারিয়া আরও জানান, গ্রেপ্তার ও জেলজীবনের অভিজ্ঞতাও তার ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ ঘটনা। বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তী দুই দিনের জেলজীবন তাকে নতুনভাবে চেনার সুযোগ দিয়েছে অনেক মানুষকে।
উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা হওয়ার পথ নুসরাত ফারিয়ার জন্য মোটেই সহজ ছিল না। এক দশকেরও বেশি সময় ধরে এই ক্যারিয়ারে তিনি যেমন প্রশংসা ও সাফল্য পেয়েছেন, তেমনি সমালোচনার মুখেও পড়েছেন। তবুও সব চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি শোবিজের অন্যতম আলোচিত নাম।
