দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকৃত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যেই দেশে পৌঁছেছে। শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সোয়া ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ইতোমধ্যেই ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন, যার মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) ভোটারদের জন্য পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। দেশের ভেতরে সকাল সোয়া ১০টা পর্যন্ত ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, এর মধ্যে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।